প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬ ১৮:১১ (শনিবার)
ফের ঘূর্নিঝড়ের আভাস

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য গতিপথ এখনো নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটি নিম্নচাপে পরিণত হবেই। এরপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।’

লঘুচাপটির সম্ভাব্য গতিপথ সম্পর্কে তিনি বলেন, নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি কোন দিকে অগ্রসর হবে, তা আরও স্পষ্ট হবে। এখন পর্যন্ত এর সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে রয়েছে। তবে পরিস্থিতি আরও ঘনীভূত হলে গতিপথ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিকল্প শিরোনাম: