রফিকুল ইসলাম সুন্দর
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর গ্রেপ্তারের পরদিনই আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান তিনি। তাঁর আইনজীবী সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সুন্দর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বড়লেখা থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের ১৫ আগস্ট দায়ের করা ওই মামলায় তাঁকে ৩ নম্বর আসামি করা হয়। মামলাটির নম্বর ১১৮/২০২৪।
এ ছাড়া ২০২৬ সালে দায়ের করা পৃথক একটি রাজনৈতিক মামলাতেও (মামলা নম্বর ২৪/২০২৬) এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি।
পুলিশ জানায়, এসব মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তিনি জামিন পান।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার তাঁকে বড়লেখা আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, রফিকুল ইসলাম সুন্দর বড়লেখা উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন।