প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬ ১৮:৪১ (শনিবার)
প্রথমে যুক্তরাজ্য, পরে ভারত: সিলেটে রনজিতের সভা ঘিরে তোলপাড়

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন দলটির বহু নেতা। তাঁদের একজন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার। প্রথমে যুক্তরাজ্য, পরে ভারত- এভাবেই তাঁর দেশত্যাগের তথ্য সামনে আসে।

তবে সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, সিলেটের রাতারগুলে গোপন বৈঠক এবং আবার ভারতে ফিরে যাওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও পুলিশ প্রশাসনে ব্যাপক তোলপাড় চলছে। কীভাবে তিনি দেশে প্রবেশ করলেন, কারা তাঁকে আশ্রয় দিলেন এবং কীভাবে আবার সীমান্ত পেরিয়ে চলে গেলেন- এসব প্রশ্নের উত্তর খুঁজছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতারগুলের সোহেল স্কয়ার রিসো র্টে অনুষ্ঠিত ওই গোপন বৈঠকে অংশ নেওয়া অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রায় ৬০ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) আহসান হাবীব পলাশ গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে পুলিশ সদর দপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চক্রান্ত প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গোয়েন্দা সূত্রের দাবি, রঞ্জিত সরকার রাতারগুলের কাছাকাছি লামাপুঞ্জি সীমান্তপথ ব্যবহার করে দেশে প্রবেশ করেন। গত সোমবার সন্ধ্যায় ওই পথ দিয়ে তিনি পূর্বনির্ধারিত একটি গোপন আস্তানায় যান। বৈঠক শেষে পার্শ্ববর্তী জৈন্তাপুর থানা এলাকা হয়ে একই পথে ভারতে ফিরে যান বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, সুনামগঞ্জের তাহিরপুর ও যাদুকাটা এলাকা থেকে শিক্ষা সফর কিংবা পিকনিকের কথা বলে প্রায় দেড়শ মানুষকে রাতারগুলে আনা হয়। চারটি বাসে করে আসা এসব মানুষের জন্য রিসোর্টের মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রাতে চলছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় একটি গাড়িতে করে রঞ্জিত সরকারসহ কয়েকজন সেখানে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, শিক্ষা সফরের ব্যানার সরিয়ে দ্রুত রাজনৈতিক ব্যানার টানানো হয়। এরপর রঞ্জিত সরকার প্রায় পাঁচ মিনিটের সরকারবিরোধী বক্তব্য দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ভারতের মেঘালয়ে অবস্থানরত অনুসারী এবং কথিত আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের সহযোগিতায় তিনি এই ঝটিকা সফর করেন। তবে তাঁর দেশে প্রবেশ ও ফিরে যাওয়ার পুরো পথ এবং সহযোগীদের ভূমিকা এখনো তদন্তাধীন।

এদিকে গত ৯ নভেম্বর বিকেল ৪টা ৪৯ মিনিটে রঞ্জিত সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই গোপন সভার ৫ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।