প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬ ১৮:৫০ (শনিবার)
সিলেটে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের, সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহমুদুল হাসান (৩৩) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মহাসড়কের খাদিমপাড়া ৩ নম্বর রোডের মুখে হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ঘোড়াশাল এলাকার মো. ইব্রাহীম হোসেনের ছেলে। ঘটনাস্থলে তাঁর মরদেহের পাশ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এক নারীকে সড়ক পার হতে দেখে তাঁকে সুযোগ দিতে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মাহমুদুল। এ সময় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় ৪০ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।