প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬ ১৯:১৭ (শনিবার)
সিলেটে রিসোর্টকাণ্ড: দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

ছবি: সংগৃহীত

দেশের নিরাপত্তা ও সীমান্ত নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশে প্রবেশ করলেন, সিলেটের রাতারগুলে গোপন বৈঠক করলেন এবং আবার সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেলেন- তা নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক অঙ্গন ও পুলিশ প্রশাসনে।

ঘটনাটি তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। রঞ্জিত সরকারের দেশে প্রবেশের পথ, তাঁকে আশ্রয় দেওয়া ব্যক্তিরা এবং গোপন বৈঠকে অংশ নেওয়া নেতা-কর্মীদের পরিচয় শনাক্তে উচ্চপর্যায়ের অনুসন্ধান চলছে। এ ঘটনায় সিলেটের গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। রঞ্জিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১৫ জন।

পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) আহসান হাবীব পলাশ গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে পুলিশ সদর দপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চক্রান্ত দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গোয়েন্দা সূত্রের দাবি, রঞ্জিত সরকার রাতারগুলের কাছাকাছি লামাপুঞ্জি সীমান্তপথ দিয়ে দেশে প্রবেশ করেন। গত সোমবার সন্ধ্যায় ওই পথ দিয়ে তিনি পূর্বনির্ধারিত একটি গোপন আস্তানায় যান। বৈঠক শেষে পার্শ্ববর্তী জৈন্তাপুর থানা এলাকা হয়ে একই পথে ভারতে ফিরে যান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি প্রথমে যুক্তরাজ্যে এবং পরে ভারতে অবস্থান নেন বলে জানা গেছে।

পিকনিকের আড়ালে রাজনৈতিক সমাবেশ

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জের তাহিরপুর ও যাদুকাটা এলাকা থেকে শিক্ষা সফর কিংবা পিকনিকের কথা বলে প্রায় দেড়শ মানুষকে রাতারগুলে নেওয়া হয়। চারটি বাসে করে আসা এসব মানুষের জন্য রিসোর্টের মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রাতে চলছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এ সময় একটি গাড়িতে করে রঞ্জিত সরকারসহ কয়েকজন সেখানে প্রবেশ করেন। পরে শিক্ষা সফরের ব্যানার সরিয়ে রাজনৈতিক ব্যানার টানানো হয়। সেখানে রঞ্জিত সরকার প্রায় পাঁচ মিনিটের সরকারবিরোধী বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে গোয়েন্দা সূত্রের দাবি, ভারতের মেঘালয়ে অবস্থানরত অনুসারী ও কথিত আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের সহযোগিতায় রঞ্জিত সরকার এই ঝটিকা সফর করেন।

গত ৯ নভেম্বর বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গোপন ওই সভার ৫ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন রঞ্জিত সরকার। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে ঘটনাটি।

রিসোর্টে অভিযান, তালাবদ্ধ

ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা তৎপরতা শুরু করে। মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে অভিযান চালানো হয়। পরে রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে প্রধান ফটকে তালা দেওয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান ওরফে তারা মিয়া। তাঁর দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে রিসোর্টটি শনাক্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সমাবেশে অংশ নেওয়া অন্য নেতা-কর্মীদেরও শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের।

তবে শনাক্ত ব্যক্তিদের অনেকেই এরই মধ্যে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

১৯৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৫

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় রঞ্জিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে আসামির সংখ্যা ১৯৫ জন।

বৃহস্পতিবার পর্যন্ত অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গোপন বৈঠকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।