ছবি: সংগৃহীত
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সোবহানা মোস্তারির দল। জিম্বাবুয়ের দেওয়া ১৩২ রানের লক্ষ্য মাত্র ১৭.৩ ওভারে পেরিয়ে যায় বাংলাদেশ। হাতে ছিল ৯ উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেন ১০৪ রান। এই জুটিতেই জয়ের ভিত গড়ে দেয় বাংলাদেশ।
দলীয় ১০৪ রানে বিচ্ছিন্ন হন সাথী। ৪৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর শারমিন আক্তারকে নিয়ে বাকি পথ পাড়ি দেন দিলারা। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ওপেনার। শারমিন অপরাজিত থাকেন ৬ রানে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরুটা ভালোই করেছিল দলটি। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান সংগ্রহ করে তারা। সপ্তম ওভারে বিলাভড বিজাকে ১২ রানে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রাবেয়া খান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। চিপো-মুগেরি ত্রিপানো ও অধিনায়ক জোসেফিন এনকোমোর ব্যাটে দলীয় সংগ্রহ একশ ছাড়ায়। ত্রিপানো ৩০ বলে ৪০ রানের কার্যকর ইনিংস খেলেন। অধিনায়ক এনকোমোর ব্যাট থেকে আসে ৩৫ রান।
এ ছাড়া কেলিস এনদোভলু ২২, মাভুঙ্গা ৮, মুতাশা ৩ এবং গুয়ানজো ১১ রান করেন। নির্ধারিত ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। তিনি তিনটি উইকেট নেন। দিশা বিশ্বাসের শিকার দুটি। এ ছাড়া রিতুমনি একটি উইকেট পান।
পাকিস্তানের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে এই দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে। বড় ব্যবধানের এই জয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর বার্তাও দিয়েছে সোবহানা মোস্তারির দল।