প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬ ২০:৩৭ (শনিবার)
শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা-দিল্লির গোপন আলোচনা চলছে: বিবিসি

শেখ হাসিনা।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দুটি শর্তের ইঙ্গিত দিয়েছেন ভারতের কর্মকর্তারা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্ত করা এবং তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচার শুরুর নিশ্চয়তা চায় নয়াদিল্লি।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ভারতের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পৌঁছেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে। তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে চায় নয়াদিল্লি। এ প্রক্রিয়া আকাশপথে কিংবা স্থলপথে হতে পারে। বাংলাদেশ সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাঁকে নিয়ে যেতে পারে, অথবা সীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টে গিয়ে গ্রহণ করতে পারে।

ভারতের দ্বিতীয় শর্ত হিসেবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া এবং জুলাই গণ-অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরুর নিশ্চয়তা চাওয়ার কথা উল্লেখ করেছে বিবিসি।

ভারতের কর্মকর্তাদের ভাষ্য, তাঁকে জেনেশুনে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দিতে চায় না নয়াদিল্লি। বরং নতুন করে সুষ্ঠু বিচার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের সুযোগ নিশ্চিত করতে চায়।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের এমন অবস্থানের খবর সামনে এসেছে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার তথ্য প্রকাশের পর। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বর্তমান সরকারও তাঁকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরত চেয়ে আসছে।

অন্যদিকে, ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, তাঁদের ধারণা, বাংলাদেশ সরকার প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইলেও বাস্তবে তাঁর প্রত্যাবর্তন নিয়ে ঢাকার মধ্যে অনীহা থাকতে পারে। তাঁদের মতে, জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ নানা অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

এর আগে গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই ঘোষণার প্রায় চার মাস পর তাঁর নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রকাশিত হয়।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই আইনি প্রক্রিয়ার কথা বলে আসছে। গত সোমবারও এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দিল্লি-ঢাকার মধ্যে পর্দার আড়ালে আলোচনা?

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পেছনে ভারতের প্রচ্ছন্ন সম্মতি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনা ও নয়াদিল্লির মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রত্যর্পণের শর্ত পূরণ এবং শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে দিল্লি কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিজ্ঞ রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর ঢাকায় দুই দফায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন ত্রিবেদী। প্রতিবারই বৈঠকের পর দিল্লিতে ফিরে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সবশেষ গত ৬ অক্টোবর অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিবেদী। এ সময় ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন তিনি।

ওই বৈঠকের বিষয়ে ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছিল, বিশেষ কোনো পরিস্থিতি বা কারণ ছাড়া বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারের দিল্লিতে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের প্রয়োজন হওয়ার কথা নয়। সূত্রটির ইঙ্গিত ছিল, শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এ যোগাযোগ হয়ে থাকতে পারে।