প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬ ১৬:২৯ (শনিবার)
সিলেটে বিপুল বি/স্ফো/রক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা

সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পাশের চা বাগানে পালিয়ে গেছেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সদস্যরা কানাইঘাটের নুনছড়া চা বাগান এলাকার সীমান্তে এ অভিযান চালান।

বিকেলে ১৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুহেল আলম।

তিনি জানান, বিজিবির অভিযান টের পেয়ে জড়িত ব্যক্তিরা চা বাগানের ভেতরে পালিয়ে যান। তাদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা করা হবে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে জানিয়ে বিজিবি অধিনায়ক বলেন, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।