প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬ ১৮:৪১ (শনিবার)
কক্সবাজারে বসছে জাতীয় বিচ ভলিবলের আসর

ছবি: বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

পুরুষ ও নারী বিভাগের জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। আগামী ১৮ থেকে ২২ নভেম্বর কক্সবাজারের ডলফিন বিচে (ডিভাইন ইকো রিসোর্টের সামনে) পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করা দলগুলোর জন্য ম্যানেজার্স মিটিংয়ের সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

ফেডারেশনের ১২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ নভেম্বর (বুধবার) বিকেল ৪টায় কক্সবাজারের কলাতলীতে ডিভাইন ইকো রিসোর্টের মিটিং রুমে ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হবে। প্রতিটি অংশগ্রহণকারী সংস্থা, প্রতিষ্ঠান, বাহিনী বা ক্লাবের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি (ম্যানেজার) ওই সভায় অংশ নেবেন। ম্যানেজার্স মিটিংয়ে উপস্থিতির সময়কেই সংশ্লিষ্ট দলের রিপোর্টিং সময় হিসেবে গণ্য করা হবে।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। প্রতিটি দলকে দুজন খেলোয়াড় এবং একজন কর্মকর্তা, প্রশিক্ষক বা ম্যানেজারসহ সর্বোচ্চ তিনজনের পূর্ণাঙ্গ দলীয় তালিকা বাংলা ও ইংরেজিতে জমা দিতে হবে। তালিকার সঙ্গে প্রত্যেকের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দলের নিজস্ব পতাকাও ম্যানেজার্স মিটিংয়ে নিয়ে আসতে হবে।

এদিকে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত এন্ট্রি ফি আগামী ১৫ নভেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অনুকূলে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এন্ট্রি ফি জমা না দিলে সংশ্লিষ্ট দলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন সাদ্দাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব সংস্থা, প্রতিষ্ঠান, বাহিনী ও ক্লাবকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।