প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬ ১৯:৪৭ (রবিবার)
গবেষণায় বিনিয়োগ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: শিল্পমন্ত্রী

ছবি: ইমজা নিউজ

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এই শতাব্দীতে যেসব দেশ এগিয়ে গেছে, তাদের উন্নয়নের পেছনে রয়েছে জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীদের খোঁজে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো তাদের জিডিপির উল্লেখযোগ্য অংশ গবেষণা খাতে ব্যয় করে। জ্ঞান-বিজ্ঞানের প্রসার ও গবেষণায় বিনিয়োগই একটি দেশকে এগিয়ে নেয়। যুক্তরাষ্ট্রের ইতিহাস ও দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশের ইতিহাস প্রায় একই সময়ে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীরা এসব কাজে সম্পৃক্ত না হলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া কঠিন হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাবিপ্রবি ভিসি ও বিজ্ঞান মেলা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পের স্টল পরিদর্শন করেন মন্ত্রী। তাঁদের উদ্ভাবনী সক্ষমতায় মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, এসব উদ্ভাবন বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে যথাযথ পৃষ্ঠপোষকতা প্রয়োজন। শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহযোগিতা না পেলে সরকার তাদের পাশে দাঁড়াবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংগঠনটির নির্বাহী পরিচালক ডাঃ ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, এম এ মালিক ও তাহসিনা রুশদীর লুনা, সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও শিক্ষাবিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী।

এর আগে আয়োজিত মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৬ জন শিক্ষার্থী তাঁদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। সেখান থেকে ১১টি দলকে জাতীয় পর্যায়ের জন্য মনোনীত করা হয়।