ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় অনলাইন প্রতারণার বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাত্র ১৩ দিনের বিশেষ অভিযানে শতাধিক প্রতারক চক্রের কার্যক্রম ভেঙে দিয়ে ৯৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৮২৬ জনই বিদেশি নাগরিক।
এ ছাড়া সেলাঙ্গর রাজ্যে বিদেশিদের লক্ষ্য করে পরিচালিত দুটি প্রতারণা কল সেন্টারে পৃথক অভিযান চালিয়ে আরও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন প্রতারণা কেন্দ্র ও অবৈধ কর্মকাণ্ডের আস্তানা শনাক্ত করতে অভিবাসন বিভাগও অভিযান জোরদার করেছে।
মালয়েশিয়া পুলিশের বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক কমিশনার দাতুক রুসমি মোহাম্মদ ঈসা জানান, গত ১৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে একযোগে ‘অপারেশন ম্যাগপাই ০১/২০২৬’ পরিচালনা করা হয়। এ সময় ১৫৩টি স্থানে অভিযান চালানো হয়েছে, যা প্রাথমিকভাবে নির্ধারিত ১০০টি অভিযানের লক্ষ্যমাত্রার চেয়ে ৫৩ শতাংশ বেশি।
গ্রেফতার ৯৩২ জনের মধ্যে ১০৬ জন মালয়েশীয় নাগরিক এবং ৮২৬ জন বিদেশি। বিদেশিদের মধ্যে চীনের ৫৩৮, ভিয়েতনামের ৯৩, তাইওয়ানের ৪০, ইন্দোনেশিয়ার ৩৬, জাপানের ২১, পাকিস্তানের ১৮ এবং মিয়ানমার ও ফিলিপাইনের ১৪ জন করে নাগরিক রয়েছেন।
অভিযানের স্থানগুলোর মধ্যে সবচেয়ে বেশি তল্লাশি চালানো হয়েছে বহুতল আবাসিক ভবনের ফ্ল্যাটে। মোট ১৫৩টি অভিযানের মধ্যে ১০৬টি বা ৬৯ দশমিক ২৮ শতাংশ পরিচালিত হয় এসব ভবনে। এ ছাড়া সাধারণ আবাসিক বাড়িতে ৩৪টি, রিসোর্ট ও হোটেলে আটটি এবং কার্যালয়, দোকান ও গুদামে পাঁচটি অভিযান চালানো হয়।
পুলিশের প্রাথমিক বিশ্লেষণে প্রতারণার ১৩৬টি কৌশল শনাক্ত হয়েছে। এর মধ্যে অস্তিত্বহীন বিনিয়োগ প্রকল্পের নামে প্রতারণা এবং প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ২৭টি করে। এ ছাড়া টেলিফোনে প্রতারণা ২৫টি, অনলাইন জুয়া ১৬টি এবং ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে প্রতারণার ১১টি ঘটনা চিহ্নিত হয়েছে।
কমিশনার রুসমি বলেন, এসব চক্র শুধু মালয়েশিয়ার নাগরিকদের নয়, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বিভিন্ন দেশের মানুষকেও প্রতারণার লক্ষ্যবস্তু বানাচ্ছিল। অভিযানে ২ হাজার ৫৮টি মুঠোফোন, ৪৩৩টি ল্যাপটপ ও ট্যাবলেট, ১৬১টি কম্পিউটার ও মনিটর, ১১২টি রাউটার ও মডেম, ৪০টি পাসপোর্ট ও ভিসা এবং সাতটি যানবাহন জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৮০৯ জন গ্রাহকসেবা কর্মী বা অপারেটর হিসেবে কাজ করতেন। অন্য ৭০ জন ছিলেন তত্ত্বাবধায়ক ও দলনেতা। জনসাধারণকে অপরিচিত ব্যক্তির ফোন, বার্তা কিংবা বিনিয়োগের প্রস্তাবে সহজে বিশ্বাস না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, কাউকে ব্যাংক হিসাবের তথ্য, গোপন নম্বর, এককালীন পাসওয়ার্ড কিংবা লেনদেন অনুমোদনের সংকেত দেওয়া যাবে না।
কেউ প্রতারণার শিকার হয়েছেন বলে সন্দেহ হলে দ্রুত জাতীয় প্রতারণা প্রতিক্রিয়া কেন্দ্রে (এনএসআরসি) ৯৯৭ নম্বরে যোগাযোগ এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
এদিকে সেলাঙ্গর রাজ্যে বিদেশিদের লক্ষ্য করে পরিচালিত অনলাইন প্রতারণার দুটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গত ৩ ও ১০ নভেম্বর কাজাংয়ের সুংগাই লং এবং ক্লাংয়ের তামান আমান পেরদানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়।
সেলাঙ্গর পুলিশের প্রধান দাতুক শাজেলি কাহার জানান, রাজ্য পুলিশের বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ কাজাং ও উত্তর ক্লাংয়ের পুলিশের সহযোগিতায় অভিযান দুটি পরিচালনা করে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন মালয়েশীয় পুরুষ, সাতজন বিদেশি পুরুষ এবং তিনজন বিদেশি নারী রয়েছেন। তাদের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা প্রতারক চক্রের গ্রাহকসেবা কর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশের তদন্তে জানা গেছে, গত সেপ্টেম্বর থেকে চক্র দুটি তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। টেলিফোন কল ও বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিদেশের বিভিন্ন দেশের নাগরিকদের ভুয়া বিনিয়োগ প্রকল্প এবং প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া হতো।
অভিযানে ১৪টি মুঠোফোন, ছয়টি ল্যাপটপ, তিনটি নোটবুক, দুটি রাউটার, বাড়ির দুটি চাবির সেট, একটি সমন্বিত কম্পিউটার এবং একটি আইপ্যাড জব্দ করা হয়েছে। এসব সরঞ্জামের আনুমানিক মূল্য ২০ হাজার রিঙ্গিত।
পুলিশপ্রধান জানান, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে দণ্ডবিধির ৪২০ ও ১২০বি ধারায় তদন্ত চলছে। কাজাংয়ের অভিযানে গ্রেপ্তার হওয়া দুই বিদেশি নাগরিককে গত ৬ নভেম্বর দণ্ডবিধির ১২০বি ধারায় আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেককে ২ হাজার রিঙ্গিত করে জরিমানা করেন। তারা জরিমানার অর্থ পরিশোধ করেছেন। একই অভিযানে গ্রেফতার হওয়া আরও তিনজনকে মামলার সাক্ষী হিসেবে নেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর ক্লাং থেকে গ্রেফতার ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
সেলাঙ্গর পুলিশের প্রধান আবাসিক ও বাণিজ্যিক ভবনে সন্দেহজনক প্রতারণা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত ও বন্ধ করতে সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
প্রতারণা চক্রের কার্যক্রম এবং পাসপোর্ট ও ভ্রমণ নথির অপব্যবহার ঠেকাতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগও বিশেষ অভিযান জোরদার করেছে। এর অংশ হিসেবে বিভাগের বিশেষ অভিযান শাখা একই সময়ে ছয়টি স্থাপনায় অভিযান চালিয়েছে।
অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্য ও দীর্ঘদিনের পর্যবেক্ষণের ভিত্তিতে সন্দেহভাজন স্থাপনাগুলো চিহ্নিত করা হয়। এসব স্থানের কয়েকটি প্রতারক চক্রের কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। বিশেষ করে শ্যাকি এলাকায় একটি সন্দেহভাজন প্রতারণা চক্রের আস্তানায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে অবস্থানরত বিদেশি নাগরিকদের পাসপোর্ট, ভ্রমণ নথি ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধ ভ্রমণ নথি থাকা এবং দেশটির অভিবাসন আইন ও শর্ত মেনে চলা বাধ্যতামূলক। যাচাইয়ে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে কোনো স্থানে অভিযান চালানো বা কাউকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার অর্থ এই নয় যে তিনি প্রতারণা কিংবা জালিয়াতির সঙ্গে জড়িত। সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধে সম্পৃক্ততা যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ করতে হবে।
কর্তৃপক্ষের মতে, আবাসিক ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিস যেন সংঘবদ্ধ অপরাধ পরিচালনার নিরাপদ আস্তানায় পরিণত না হয়, সে বিষয়ে নজরদারি বাড়ানো জরুরি। প্রতারক চক্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বিত সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বার্তা, দেশটিকে কোনোভাবেই আন্তর্জাতিক প্রতারক চক্র ও সংঘবদ্ধ অপরাধের নিরাপদ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।