ছবি: সংগৃহীত
উদ্ভাবনী চিন্তা, নতুন আবিষ্কার আর প্রযুক্তির সম্ভাবনা নিয়ে স্বপ্ন বুনছে তরুণ প্রজন্ম। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর সিলেট বিভাগীয় পর্যায়ের প্রদর্শনী ও মূল্যায়ন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে তরুণ শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা তুলে ধরেন। তাদের সৃজনশীল ভাবনা ও নতুন কিছু উদ্ভাবনের প্রচেষ্টা ঘিরে তৈরি হয় সম্ভাবনাময় এক আয়োজন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ রাখবে না; বরং বাস্তব সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে উৎসাহিত করবে। একই সঙ্গে আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক তৈরির পথও সুগম করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। বিশেষ অতিথি ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আগামী দিনের নেতৃত্ব নির্ভর করছে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার ওপর। সেই বিবেচনায় ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রজন্মের স্বপ্ন, মেধা ও সম্ভাবনা বিকাশের একটি মঞ্চ। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা যদি যথাযথ পৃষ্ঠপোষকতা ও গবেষণার সুযোগ পায়, তবে তাদের হাত ধরেই গড়ে উঠতে পারে আগামীর বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ।