সিলেট নগরীর উপশহরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এতে জোনাল অফিসারের গাড়ি ও কার্যালয়ের কয়েকটি স্থানে আগুন লাগে। পুড়ে যায় জরুরি কিছু কাগজপত্র এবং গাড়িটির আংশিক ক্ষতি হয়েছে।
ঘটনার দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে একই কার্যালয়ে আগুন দেওয়ার গুজব ছড়ানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাস্তবে অগ্নিসংযোগের অভিযোগ উঠল।
জোনাল অফিসার আবুল হোসেন জানান, রোববার (১৫ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে পাহারাদার ফোন করে কার্যালয়ে আগুন লাগার খবর দেন। পরে তিনি কয়েকজন কর্মচারীকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নেভান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান।
তিনি আরও জানান, আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
আবুল হোসেন বলেন, দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়ানো হয়েছিল। সেটি ছিল গুজব। অথচ শনিবার রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা সত্যিই কার্যালয়ে আগুন দিয়েছে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুজিবুর রহমান বলেন, কার্যালয় সংশ্লিষ্টদের ভাষ্যমতে, রাত পৌনে ৪টার দিকে দুষ্কৃতিকারীরা ভেতরে ঢুকে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। তবে ফুটেজে ঘটনার আগে কাউকে দেখা যায়নি। ভোর ৫টার পর মানুষের চলাচল দেখা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সিলেট ফায়ার সার্ভিসের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। তবে তার আগেই কার্যালয়ের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।