প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬ ১৭:৪৩ (সোমবার)
আইডিয়ার প্রাসঙ্গিক অংশীজনদের সঙ্গে পলিসি ব্রিফ প্রণয়ন কর্মশালা

ছবি: সংগৃহীত

নিরাপদ, বৈধ ও তথ্যভিত্তিক যুব শিক্ষার্থী অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে আইডিয়া-এর উদ্যোগে এবং ফেক্ড ক্যাব এর সহযোগিতায় `প্রাসঙ্গিক অংশীজনদের সঙ্গে পরামর্শমূলক কর্মশালার মাধ্যমে পলিসি ব্রিফ প্রণয়ন'-শীর্ষক একটি পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে আইডিয়ার প্রধান কার্যালয়ে আয়োজিত কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে গমনেচ্ছু শিক্ষার্থীদের অভিবাসন প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা, নীতিগত সীমাবদ্ধতা এবং সংশ্লিষ্ট অংশীজনদের অভিজ্ঞতা ও মতামত পর্যালোচনার মাধ্যমে একটি কার্যকর ও বাস্তবসম্মত পলিসি ব্রিফ প্রণয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ সংগ্রহ করা।

কর্মশালাটি পরিচালনা করেন অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল; যিনি পলিসি ব্রিফ প্রণয়নের জন্য পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আলোচনার শুরুতে শিক্ষার্থী অভিবাসনের বর্তমান প্রেক্ষাপট, বিদ্যমান নীতিগত ঘাটতি এবং একটি কার্যকর নীতিমালা প্রণয়নে অংশীজনদের সমন্বিত মতামতের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় FACD-CAB-এর সভাপতি ফেরদৌস আলম এবং সহ-সভাপতি হাফিজ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, পলিসি স্পেশালিস্ট, শিক্ষাবিদ, অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও জবাবদিহিতা, তথ্যের স্বচ্ছতা, ভিসা ও ভর্তি প্রক্রিয়া, আর্থিক প্রস্তুতি, শিক্ষার্থীদের অধিকার ও সুরক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং অভিভাবকদের সচেতনতার বিষয়গুলো গুরুত্ব পায়; বিশেষভাবে বাংলাদেশে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা ও কার্যকর নিয়ন্ত্রণ কাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করা হয়।

অংশগ্রহণকারীরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং শিক্ষাবিদদের দৃষ্টিভঙ্গি আলোচনাকে আরও সমৃদ্ধ করে। আলোচনার ভিত্তিতে শিক্ষার্থী অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা, নৈতিক চর্চা এবং সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব ও ভূমিকা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন নীতিগত সুপারিশ চিহ্নিত করা হয়।

কর্মশালায় প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ পলিসি ব্রিফ প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হবে। এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য গমনেচ্ছু তরুণদের নিরাপদ, বৈধ ও তথ্যভিত্তিক অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্যপরিবেশ গড়ে তোলার উদ্যোগকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।