প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬ ১৮:০৫ (সোমবার)
সিলেটে আটক ব্যাটারিচালিত যান ৫ শর্তে ফেরত দেবে পুলিশ

ছবি: সংগৃহীত

সিলেট মহানগর এলাকায় অভিযানে আটক ব্যাটারিচালিত অবৈধ যানবাহন ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মানবিক দিক বিবেচনায় এসব যানবাহনের মালিক ও চালকদের কাছ থেকে পাঁচটি শর্তে আবেদন গ্রহণ করা হবে। তবে ফেরত পাওয়া যানবাহন মহানগর এলাকায় আর চালানো যাবে না এবং বিক্রিও করা যাবে না।

রোববার (১৫ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের পুলিশ কমিশনার সরওয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর এলাকায় ব্যাটারিচালিত অবৈধ যানবাহন (রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম) চলাচলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে আটক যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে।

এ অবস্থায় যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর সিলেট মহানগর পুলিশ একটি সভা করে। সভায় চালক ও মালিকদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনায় নিয়ে গত ১ মে থেকে এ পর্যন্ত আটক ব্যাটারিচালিত যানবাহন ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য সংশ্লিষ্ট মালিক ও চালকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আটক যানবাহন ফেরত পেতে আবেদনকারীদের পাঁচটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো—

১. আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ আবেদনপত্র জমা দিতে হবে।

২. সিলেট মহানগর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।

৩. আটককৃত রেকার স্লিপের মূলকপি জমা দিতে হবে।

৪. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এক কপি দিতে হবে।

৫. ফেরত পাওয়া ব্যাটারিচালিত যানবাহন (রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম) সিলেট মহানগর এলাকায় বিক্রি করা যাবে না মর্মে অঙ্গীকারনামা দিতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী সময়ে সিলেট মহানগর এলাকায় কোনো ব্যাটারিচালিত যানবাহন চলাচল করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।