ছবি: সংগৃহীত
যৌন সম্পর্কের বিনিময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে দেশটির এক অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে। টেক্সাসের একটি অভিবাসন আটককেন্দ্রে আটক থাকা ২১ বছর বয়সী এক লেবানিজ নারী ওই অভিযোগ করেছেন। তবে অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে নাকচ করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।
অভিযোগকারী নারী রাহাফ আলি আলমেরহিজ, যিনি লুসি ওয়াইজ নামে পরিচিত। মার্কিন সাময়িকী নিউজউইককে দেওয়া সাক্ষাৎকার এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মহাপরিদর্শকের কার্যালয়ে (ওআইজি) জমা দেওয়া হলফনামায় তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন।
আলমেরহিজের অভিযোগ, টেক্সাসের রেমন্ডভিলে অবস্থিত এল ভ্যালে ডিটেনশন ফ্যাসিলিটিতে দায়িত্ব পালনকালে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তা মার্কেল ওয়ালেস তাঁকে একটি নির্জন কক্ষে নিয়ে যান। সেখানে তাঁর সম্মতি ছাড়াই যৌন স্পর্শ করেন ওই কর্মকর্তা। একই সঙ্গে প্রস্তাবে রাজি না হলে তাঁর স্বামীকে কারাদণ্ড দেওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়।
নিউজউইককে আলমেরহিজ বলেন, ওই কর্মকর্তা তাঁকে গ্রিন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর ভাষায়, ‘সে আমাকে বলেছিল, আমি তোমাকে গ্রিন কার্ড দেব। তোমার স্বামী একজন বয়স্ক মানুষ, সে তোমার জন্য কিছুই করতে পারবে না। একমাত্র আমিই তোমাকে সাহায্য করতে পারি।’
অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলছে ডিএইচএস
অভিযোগটি সরাসরি নাকচ করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নিউজউইককে দেওয়া বক্তব্যে সংস্থাটির একজন মুখপাত্র বলেন, এল ভ্যালে ডিটেনশন ফ্যাসিলিটিতে অসদাচরণের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। যেকোনো ধরনের অসদাচরণের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয় এবং প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
নিউজউইকের হাতে আসা আইসিইর নথি অনুযায়ী, অভিযুক্ত মার্কেল ওয়ালেস হার্লিনজেন ফিল্ড অফিসের এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস শাখার একজন ডিপোর্টেশন কর্মকর্তা। দুটি স্বাধীন সূত্রও তাঁর কর্মরত থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
নিউজউইক ফোনে ওয়ালেসের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন। তবে অভিযোগের বিষয়ে প্রশ্ন করা শুরু হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে গত ৫ নভেম্বর ইমেইলে বিস্তারিত প্রশ্ন পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
যেভাবে আটক হন ওই নারী
ডিএইচএসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে কানাডার মন্ট্রিয়ল থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন আলমেরহিজ। পরে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি রিও গ্র্যান্ডে ভ্যালি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বর্ডার প্যাট্রল।
আলমেরহিজের স্বামী স্যাম ওয়াইজ জানান, তাঁর স্ত্রী টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন। পাশাপাশি তাঁর ডেন্টাল ক্লিনিকে জেনারেল ম্যানেজার হিসেবেও কাজ করতেন।