ছবি: সংগৃহীত
সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
সভায় তিনি বলেন, নানা কৌশলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাঁদের বেশির ভাগই কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। এসব এলাকার কাছাকাছি সীমান্ত হওয়ায় যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে তাঁদের অনুপ্রবেশের চেষ্টা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দিনরাত টহল আরও বাড়ানো হবে।
বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের কোনো তথ্য থাকলে তা বিজিবিকে জানাতে হবে। তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে এবং তাঁর পরিচয় গোপন রাখা হবে। এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না।
মতবিনিময় সভায় তিনি আরও জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গোপালগঞ্জে পাঁচবার বিজিবি মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এসব ক্ষেত্রে স্থানীয় জনগণ সহযোগিতা করেছেন। এবারও সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দল ও বিরোধী দলের নেতাকর্মীরা ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।