প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬ ১৩:০৯ (মঙ্গলবার)
যুক্তরাষ্ট্রের ভিসা ও বার্থ ট্যুরিজম নিয়ে নতুন ঘোষণা দূতাবাসের

ভিসা আবেদনকারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসার আবেদনে সঠিক তথ্য দেওয়া, সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজে নেওয়া এবং তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা নিতে অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাসটি।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।

পোস্টে দূতাবাস জানায়, ভিসার আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্টও নিজেকেই নিতে হবে। তবে প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে।

এ ছাড়া ভিসাসংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

এর দুই দিন আগে আরেক সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা ব্যবহার করে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে ভ্রমণ না করার বিষয়ে জানায় মার্কিন দূতাবাস।

দূতাবাসের ব্যাখ্যা অনুযায়ী, সন্তানের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনাকে ‘বার্থ ট্যুরিজম’ বলা হয়। এ উদ্দেশ্যে ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ অনুমোদিত নয়।