প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬ ১৬:৩৬ (মঙ্গলবার)
কপ-৩১ সম্মেলনে কৃষকের জন্য অর্থায়নের নিশ্চয়তা নেই: সিলেটে সাইকেল র‌্যালি

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা না আসার প্রতিবাদে সিলেটে সাইকেল র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নগরীর উপশহর থেকে বালুচর এলাকা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এর আয়োজন করা হয়।

খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এবং আইডিয়া যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

র‌্যালি ও মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিন ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু সেদিনের আলোচনা থেকে কৃষকের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা কিংবা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসেনি।

তাঁরা বলেন, খাদ্য ও কৃষিব্যবস্থা বিশ্বের জলবায়ু অভিযোজন চাহিদার ৫৪ শতাংশের সঙ্গে জড়িত হলেও এ খাত অভিযোজন তহবিলের মাত্র ২০ শতাংশ পায়। একই সঙ্গে জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

আয়োজকেরা জানান, স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিকে কপ৩১-এর আলোচনায় যুক্ত করাই এ প্রচারাভিযানের লক্ষ্য। কৃষিকে শুধু নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, জলবায়ু অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সঙ্গে সম্পর্কিত বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।

কর্মসূচি থেকে অংশগ্রহণকারীরা দাবি জানান, আগামী ২০ নভেম্বর কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিনগুণ করার সুস্পষ্ট অঙ্ক নির্ধারণ করতে হবে। পাশাপাশি অর্থায়নের চাহিদা অনুযায়ী কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য নির্দিষ্ট অংশ বরাদ্দ এবং তা ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ নয়, অনুদান হিসেবে পৌঁছানোর নিশ্চয়তা দিতে হবে।

আইডিয়ার ক্যাম্পেইন অ্যাসোসিয়েট নোমান খান বলেন, কৃষকের উৎপাদন খরচ কমানো এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর নিশ্চিত করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ কৃষকদের ওপর ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। তাঁরা শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ চান।

কর্মসূচিতে সিলেট সাইক্লিং ক্লাবের তানু সরকার, কৌশিক পাল, ইমরান আহমেদ, আবু রায়হান, মুস্তাকিম চৌধুরী, সমীর দাস, কায়সার আহমেদ, আলী আকবর, হাবিব আলী, রাহিদ, মাহবুবুল হক, শাখাওয়াত হোসাইন, ফেরদৌস আহমেদ, সাব্বির আহমেদ, জাহেদুল, বকুল আহমেদ, শফিকুল ও শফিউরসহ অনেকে অংশ নেন।