ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে ভাসুরের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন লাকি বেগম (২৮) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। এ ঘটনায় নিহতের ভাসুর কবির মিয়াকে আটক করেছে পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রামে পারিবারিক বিরোধের জেরে মারামারিতে জড়ান মৃত নজির মাস্টারের ছেলে জোনেদ মিয়া ও তাঁর ভাই কবির মিয়া। এ সময় দুই ভাইয়ের ঝগড়া থামাতে এগিয়ে আসেন জোনেদ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী লাকি বেগম। একপর্যায়ে তাঁর পেটে লাঠি দিয়ে আঘাত করেন ভাসুর কবির মিয়া। এতে গুরুতর আহত হন তিনি।
পরে লাকি বেগমকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি ১৩ নম্বর হিসেবে নথিভুক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ভাসুরের লাঠির আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূ লাকি বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা মামলা করেছেন এবং অভিযুক্ত কবির মিয়াকে আটক করা হয়েছে।