ছবি: ইমজা নিউজ
সিলেট জেলার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ২০২৭ সালের জন্য নবায়নের সময়সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হবে।
গেলো ১৫ নভেম্বর (রবিবার) জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ৫ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখায় অফিস চলাকালীন সময়ে সিলেট জেলার সব এলাকার লাইসেন্স নবায়ন করা হবে। এরপর ৬ ডিসেম্বর বালাগঞ্জ, ৭ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ, ৮ ডিসেম্বর বিশ্বনাথ, ৯ ডিসেম্বর গোলাপগঞ্জ, ১০ ডিসেম্বর গোয়াইনঘাট, ১৩ ডিসেম্বর বিয়ানীবাজার, ১৪ ডিসেম্বর দক্ষিণ সুরমা, ১৫ ও ১৭ ডিসেম্বর সিলেট সদর, ২০ ডিসেম্বর জকিগঞ্জ, ২১ ডিসেম্বর কোম্পানীগঞ্জ, ২২ ডিসেম্বর ওসমানীনগর, ২৩ ডিসেম্বর কানাইঘাট এবং ২৪ ডিসেম্বর জৈন্তাপুর উপজেলার লাইসেন্স নবায়ন করা হবে।
উপজেলা পর্যায়ের কার্যক্রম সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। তবে সিলেট সদর এলাকার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে জালালাবাদ সেনানিবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দুক, শটগান ও রাইফেলের লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা এবং পিস্তল ও রিভলবারের লাইসেন্স নবায়ন ফি ২০ হাজার টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর নির্ধারিত কোডে অনলাইনে চালানের মাধ্যমে জমা দিতে হবে। চালানের মূলকপি নবায়নের আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।
লাইসেন্স নবায়নের সময় পরিদর্শনের জন্য আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সঙ্গে আনতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের পাশাপাশি সংশ্লিষ্ট থানায় নিবন্ধনও করতে হবে। নবায়নের সময় সংশ্লিষ্ট থানার আগ্নেয়াস্ত্র রেজিস্টারে প্রতিপাদন করানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া লাইসেন্সধারীর বয়স ৬০ বছরের বেশি হলে লাইসেন্স নবায়ন করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে না পারলে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে লাইসেন্স নবায়নের সুযোগ থাকবে।