ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সভার ঘটনায় নতুন করে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সিলেট মহানগর শ্রমিক লীগের এক সহসভাপতিও রয়েছেন। এ নিয়ে এ ঘটনায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হলো। তবে সভায় বক্তব্য দেওয়া সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১৬ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
নতুন করে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিলীপ শর্মা (৩২), পূর্ব জাফলং ইউনিয়নের নলজুড়ী গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; মুজিবুর রহমান সিকদার (৫০), মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সদস্য; মো. গিয়াস উদ্দিন (৫৫), তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মো. ফয়েজ আহমদ (৪৩), বৌলগ্রাম এলাকার বাসিন্দা ও সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি।
পুলিশ জানায়, রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে গোপন সভার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গোপন সভার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে সভায় বক্তব্য দেওয়া রনজিত সরকারের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি দেশে নাকি ভারতে, সেটিও নিশ্চিত নয় পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর রাত ৮টার দিকে সোহেল স্কয়ার ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। সভায় গোয়াইনঘাটের বিভিন্ন রাস্তাঘাট ও সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় রনজিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে চলে গিয়েছিলেন। দীর্ঘদিন পর তাঁর এমন প্রকাশ্য উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।
তবে রনজিত সরকার কীভাবে দেশে ফিরেছেন, তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়নও তাঁর প্রবেশের পথ সম্পর্কে নিশ্চিত নয়। এমনকি তিনি দেশেই অবস্থান করতে পারেন বলেও সন্দেহ রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর।
এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, রনজিত সরকার কীভাবে বাংলাদেশে এসেছেন, তদন্ত শেষ হওয়ার আগে তা বলা যাচ্ছে না।