ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জেলার চর বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম, জিয়াউল রহমান, নুর ইসলাম, রুহুল শেখ ও মনিরুল শেখ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। অন্য তিনজন কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। তারা পশ্চিমবঙ্গের চাঁচল এলাকায় কাজ করছিলেন।
পুলিশ জানায়, কীভাবে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং কী উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের হোল্ডিং সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।