ছবি: সংগৃহীত
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হাসপাতাল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ জানান, ভ্রাম্যমাণ আদালত ও এসআরবির সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর বলেন, গ্রামগঞ্জ থেকে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলে দালালরা টাকা হাতিয়ে নেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।