প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৫৭ (বুধবার)
ভূমধ্যসাগরে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় যুবক নিখোঁজ

ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক নিখোঁজ হয়েছেন। একই নৌকায় থাকা সাত যুবকের মধ্যে একজন প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তবে ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ছয়জনের কোনো সন্ধান মেলেনি। তারা বেঁচে আছেন কি না, তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।

নিখোঁজ যুবকরা হলেন- মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ইকবাল হোসেন সাগর, মনিপুর গ্রামের আসিব আলীর ছেলে সজিব মিয়া, বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের পাবেল ও আতাউর রহমান, কাউড়া গ্রামের উজ্জ্বল এবং বাঘাসুরা গ্রামের নাঈম।

এ ঘটনায় বেঁচে ফেরা যুবক মাসুম মিয়া বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় অবৈধ পথে গ্রিস যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে তারা লিবিয়ায় যান। গত ৩১ অক্টোবর সাত যুবকসহ বেশ কয়েকজন যাত্রী একটি প্লাস্টিকের নৌকায় করে গ্রিসের উদ্দেশে রওনা হন।

মাসুমের পরিবারের সদস্যরা জানান, নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। মাঝসমুদ্রে হঠাৎ নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাগরে পড়ে যান।

মাসুমের বর্ণনা অনুযায়ী, ওই নৌকায় হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৭ জনসহ ৫৪ বাংলাদেশি এবং সুদানের ছয় নাগরিক ছিলেন। ৩ নভেম্বর গ্রিসের একটি দ্বীপের কাছাকাছি পৌঁছালে নৌকাটিতে ছিদ্র দেখা দেয়। তখন সাগর ছিল উত্তাল। যাত্রীদের কাউকেই লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। নৌকায় ধরে থাকার জন্য একটি রশি ছিল। যারা সেটি ধরে রাখতে পারেননি, তাদের কয়েকজনকে নিজের চোখের সামনে ডুবে যেতে দেখেছেন তিনি।

মাসুম জানান, সন্ধ্যা পর্যন্ত সাগরে ভেসে থাকার পর একপর্যায়ে তিনি জ্ঞান হারান। পরদিন ভোরে ঢেউ তাকে একটি দ্বীপের কাছে নিয়ে যায়। সেখানে উঠে মানুষের সন্ধান না পেয়ে গাড়ির চাকার দাগ অনুসরণ করে প্রায় দেড় কিলোমিটার হাঁটেন। পরে একটি বাড়িতে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে খাবার ও একটি গেঞ্জি দেন। এরপর তাকে গ্রিসের কোস্টগার্ডের কাছে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি একটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

এদিকে নিখোঁজ যুবকদের স্বজনদের অভিযোগ, গ্রিসে পাঠানোর কথা বলে হাফিজ মিয়া প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে হাফিজ মিয়া বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

বাঘাসুরা ইউনিয়নের ইউপি সদস্য নিজাম আহমেদ বলেন, ওই যুবকেরা হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে তিনি জেনেছেন। সাতজনের মধ্যে একজন পৌঁছেছেন। বাকি ছয়জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের পরিবারগুলো খুবই উদ্বিগ্ন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি জানলাম। নিখোঁজ যুবকদের পরিবারগুলো লিখিতভাবে জানালে গুরুত্বসহকারে দেখা হবে।’