ছবি: সংগৃহীত
ব্যবসার পরিবেশ উন্নয়ন, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং তৈরি পোশাকনির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে নতুন শিল্প খাতের বিকাশে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ সামনে রেখে আগামী তিন বছরের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়িক কার্যক্রমের দীর্ঘসূত্রতা কমাতে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) প্রদানের প্রক্রিয়া ডিজিটাল করা হচ্ছে। বর্তমানে এসব সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন বা তারও বেশি সময় লাগলেও ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো ও ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে তা ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রপ্তানি বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সাভার চামড়াশিল্প নগরীতে আন্তর্জাতিক পরিবেশগত মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় এনে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে চলছে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে।
এ ছাড়া উন্নয়ন প্রকল্পে পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা রোধ, প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনাও বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী।
বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে। এফটিএ আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতেও প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর বড় সুযোগ তৈরি হবে।
বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।