শাহ মোহাম্মদ জামাল উদ্দিন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিন বাদ আসর উপজেলার কাঠালবাড়ি চৌমুহনী আলিম মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কাঠালবাড়ি কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে সিলেটে ফেরার পর গত ৯ নভেম্বর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পরও তাঁর শ্বাস-প্রশ্বাস ও রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
শাহ মোহাম্মদ জামাল উদ্দিন ২০১৬ সালে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি দুইবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে তাঁর অবদান ছিল। পাশাপাশি কোম্পানীগঞ্জের অন্যতম পর্যটন আকর্ষণ সাদাপাথরকে দেশ-বিদেশে পরিচিত করে তুলতেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তাঁর মৃত্যুতে কোম্পানীগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।