ছবি: সংগৃহীত
সিলেট মহানগরের ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীদের সমন্বয়ে পাঁচটি পৃথক টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে মহানগর বিএনপি। নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে নগরীর কাজিরবাজারে মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।
এতে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং ৪২টি ওয়ার্ডের নেতারা অংশ নেন।
সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে করণীয় নিয়েও মতবিনিময় করেন নেতারা।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, নুরুল মোমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, আব্দুর রহিম মল্লিক ও রিয়াসাদ আজিম আদনান; সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব; যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, মির্জা বেলায়েত হোসেন লিটন, শুয়াইব আহমদ শুয়েব, মতিউল বারী খোরশেদ, মনজুরুল হাসান মঞ্জু ও নাদির খান।
এ ছাড়া কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান সোহেল এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় নেতারা বলেন, ৪২টি ওয়ার্ডকে পাঁচটি টিমের আওতায় এনে সমন্বিতভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে নগরীর প্রতিটি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অরাজকতা প্রতিরোধে নেতাকর্মীরা ভূমিকা রাখতে পারবেন।
গণতন্ত্র, জনগণের অধিকার, সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয় সভায়।