ঢাকা-সিলেট রুটে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন একটি ট্রেন চালু হতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৮ নভেম্বর) সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। একই বার্তায় সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন এবং সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণের কথাও জানান মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামোর উন্নয়ন হবে। পাশাপাশি সিলেট বিভাগের সংসদ সদস্যদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিলেট-১ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে ধনপুর সেতু নামে সুরমা নদীর ওপর নতুন একটি সেতু নির্মাণ করা হবে। এটি নির্মিত হলে ওই এলাকার মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যে সুবিধা বাড়বে।
রেল যোগাযোগ উন্নয়নের বিষয়ে তিনি বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ঢাকা-সিলেট রুটে নতুন একটি ট্রেন চালু করা হবে।
ভিডিও বার্তার শেষে এসব উন্নয়ন প্রকল্প দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে সিলেটবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন খন্দকার আব্দুল মুক্তাদির।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা শুরু হয়। দুপুর সোয়া ১টায় সভা শেষ হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সভার তথ্য নিশ্চিত করেন।