প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬ ১৬:৩৫ (বৃহস্পতিবার)
সিলেটে সীমান্ত দিয়ে আসছে বি স্ফো র ক, বাড়ছে উৎকণ্ঠা

সিলেট সীমান্ত দিয়ে চোরাপথে দেশে ঢুকছে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। সীমান্ত পেরিয়ে এসব বিস্ফোরক পৌঁছে যাচ্ছে লোকালয়ে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ধরা পড়ছে এসব চালান। এবার জৈন্তাপুরের একটি চা বাগান থেকে উদ্ধার করা হয়েছে পাওয়ারজেল, ডেটোনেটর ও ডেটোনেটিং কর্ড। বহনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করে বিজিবির বিশেষ অপারেশন দল ও প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড।

অভিযানে ডগ স্কোয়াডের সদস্য মিকির সহায়তায় পরিত্যক্ত অবস্থায় ৫০টি পাওয়ারজেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়। বিজিবি জানায়, বিস্ফোরক বহনকারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে চা বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের জন্য সিভিল সোর্স নিয়োগ করা হয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সিলেট সীমান্তে ধারাবাহিক বিশেষ অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি ৫০টি পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে। মাদক ও অন্যান্য পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টার ঘটনায় প্রতিহত করা হয়েছে ১৭ জনকে।

সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নজরদারিও বাড়িয়েছে বিজিবি। বর্তমানে সিলেট সেক্টরের ৫৬টি সীমান্ত ফাঁড়িতে এক হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথ চিহ্নিত করে ৪০টি চেকপোস্টও কার্যকর রাখা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিন-রাত বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি চলছে। রাতের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও ফ্লাডলাইট স্থাপনের পাশাপাশি থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হচ্ছে। অস্ত্র ও বিস্ফোরক শনাক্তে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে, সিলেটের সীমান্ত দিয়ে বিস্ফোরক চোরাচালানের ঘটনায় উদ্বেগ বাড়ছে। সীমান্তের চোরাপথ ব্যবহার করে এসব বিস্ফোরক দেশে প্রবেশ করছে বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযানে বিস্ফোরকের চালান আটকের ঘটনায় নাশকতার আশঙ্কাও সামনে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো উচ্চক্ষমতাসম্পন্ন বলে জানানো হয়েছে।

সিলেট বিভাগের তিন দিক ভারত সীমান্তঘেরা। উত্তরে মেঘালয়, দক্ষিণে ত্রিপুরা এবং পূর্বে আসাম। বিশেষ করে মেঘালয় সীমান্ত দিয়ে বিস্ফোরক চোরাচালানের প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিস্ফোরক চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর দাবি জানাচ্ছেন।

সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে বিজিবি। সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধ সীমান্ত পারাপার কিংবা সন্দেহজনক কোনো কিছু নজরে এলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছে বাহিনীটি।