ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা কমে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাড়ছে শীতের অনুভূতি। ভোরে কুয়াশার চাদরে ঢেকে থাকছে প্রকৃতি। এতে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার ভোরেও কুয়াশায় ঢেকে ছিল চারপাশ।
শীতের শুরুতেই এর প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষ সকাল ও রাতে ঠান্ডার মুখে পড়ছেন।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।