ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার গোয়ালাবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা।
অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা, ফুটপাত ও রাস্তা দখল করে মালামাল না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন,ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের অবশ্যই আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মজনু মিয়া, গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি আশিক আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।