ছবি: সংগৃহীত
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন, গবেষণামুখী চিন্তাভাবনা এবং নতুন নতুন উদ্ভাবনে মনোযোগী হতে হবে। আমরা যদি শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার এবং উদ্ভাবনের সুযোগ করে দিতে পারি, তাহলে তারা ভবিষ্যতে আরও যুগোপযোগী আবিষ্কার ও উদ্ভাবনে সক্ষম হবে। এই প্রেক্ষাপটে মুহিবুর রহমান একাডেমির বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৮ নভেম্বর) মুহিবুর রহমান একাডেমি আয়োজিত বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরোও বলেন, মুহিবুর রহমান একাডেমির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও মেধাকে কাজে লাগাতে পারলে তারা ভবিষ্যতে দেশের উন্নয়ন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান, রেক্টর মিসেস সালমা খানম চৌধুরী। এছাড়াও একাডেমির শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় একাডেমির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন চিন্তাধারা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা তাদের সেই সুযোগ করে দিচ্ছি। আজকের বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা যেভাবে নিজেদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন তুলে ধরেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভা বিকাশে বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রচলিত পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতেদেশের উন্নযনে নতুন নতুন উদ্ভাবনে ভূমিকা রাখতে পারবে।
একাডেমির রেক্টর মিসেস সালমা খানম চৌধুরী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং আত্মবিশ্বাসী ও দক্ষ নাুগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞান মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় অতিথিরা এ মেলার স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রচেষ্টার প্রশংসা করেন। এসময় শিক্ষার্থীরা তাদের প্রকল্পের কার্যপ্রণালি, বৈজ্ঞানিক ভিত্তি ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে অতিথিদের সামনে বিস্তারিত তুলে ধরে।