প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬ ২২:১৪ (বৃহস্পতিবার)
সোনালী ব্যাংক কর্তৃপক্ষ হ্যাকারদের দায়মুক্তি দিয়েছে -অভিযোগ গ্রাহকের

ছবি: সংগৃহীত

সিলেটের সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখা থেকে ৩৩ লাখ টাকা খোয়া যাওয়ার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করেছেন ভুক্তভোগী গ্রাহক প্রবীণ আইনজীবী ড. দিলীপ কুমার দাশ চৌধুরী। তাঁর অভিযোগ, নিজেদের দায় এড়াতে এবং হ্যাকারদের দায়মুক্তি দিতে ব্যাংক কর্তৃপক্ষ এমন বক্তব্য দিয়েছে। এতে তাঁর ও পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ড. দিলীপ কুমার বলেন, ‘রাত ১২টার পর হ্যাকাররা টাকা নেয় না-এটা ব্যাংক কর্তৃপক্ষ জানল কীভাবে? নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা নিতে হবে, এমন কোনো বিধিনিষেধ আছে বলে কেউ জানে না। তদন্ত চলাকালে এ ধরনের বক্তব্য তদন্তকে প্রভাবিত করে। তাঁরা যেন হ্যাকারদের দায়মুক্তি দিয়ে দিলেন।’

তিনি আরও বলেন, তাঁর হিসাব থেকে লাখ লাখ টাকা সরিয়ে নেওয়া হলেও ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে বিষয়টি জানায়নি। নিজেদের দায় এড়ানোর জন্যই সংবাদ সম্মেলনে সত্যের বিপরীতে বক্তব্য দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। এ ঘটনায় সোনালী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থাহীনতা তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি। অনেক গ্রাহক তাঁদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা সরিয়ে নিচ্ছেন বলে উল্লেখ করে তিনি বলেন, কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বহীনতার কারণে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

ড. দিলীপ কুমার জানান, ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে তাঁর পরিবারের সদস্যদের জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করায় তাঁদের সম্মানহানি হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলন করে তিনি পুরো ঘটনা ও প্রকৃত তথ্য তুলে ধরবেন।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার ওই গ্রাহকের হিসাব থেকে ৩৩ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এসব অর্থ ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট হিসাবগুলো ব্লক করা হয়েছে এবং সেগুলোর তথ্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হিমাংশু আচার্য বলেন, ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে প্রতারকচক্র টাকা সরিয়ে নেয়। অধিকাংশ লেনদেন গভীর রাতে হয়েছে উল্লেখ করে তিনি গ্রাহকের পরিবারের সদস্যদের কেউ জড়িত থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন।

সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার গ্রাহক। ব্যাংকের আইটি টিমের তদন্তের বরাতে জানানো হয়, প্রতারকচক্রটি প্রথমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাঁর বিশ্বাস অর্জন করে। গত ৩ অক্টোবর একটি নম্বর থেকে শিক্ষা-সংক্রান্ত বিষয়ে তথ্য চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সরল বিশ্বাসে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর চক্রটি তাঁর জাতীয় পরিচয়পত্র, ই-মেইল, বাবা-মায়ের নাম ও জন্মতারিখসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়।

এরপর গত ২ নভেম্বর সোনালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ইনস্টল করার কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রতারকচক্র। ব্যাংকের কল সেন্টার থেকে পরিচয় নিশ্চিত করতে যেসব তথ্য জানতে চাওয়া হয়, প্রতারকরা সেগুলোর সঠিক উত্তর দিতে সক্ষম হয়। ফলে অ্যাপটি ইনস্টল করা হয়। ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য, এরপর কৌশলে তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেয় চক্রটি। পরে কিউআর কোড ব্যবহার করে ওই ফোনের মাধ্যমে বিভিন্ন হিসাবে টাকা স্থানান্তর করা হয়।

ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে ৩৯ দফায় তাঁর হিসাব থেকে ৩৩ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়। এর আগে গত ৩ অক্টোবর প্রতারকচক্রটি তাঁর বিকাশ হিসাব থেকেও ২০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ ব্যবহার করে তাঁর নম্বরে ব্যাংকের ক্ষুদে বার্তা আসা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে ব্যাংকের আইটি টিমের তদন্তে উল্লেখ করা হয়েছে।

গত ৯ নভেম্বর ২০ হাজার টাকার একটি চেক দিয়ে এক ব্যক্তিকে ব্যাংকে পাঠান ড. দিলীপ কুমার। কিন্তু ব্যাংক থেকে জানানো হয়, তাঁর হিসাবে কোনো টাকা নেই। পরে ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তাঁর হিসাব থেকে ৩৩ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে।

তবে ভুক্তভোগী শুরু থেকেই দাবি করে আসছেন, তিনি কখনো ডিজিটাল ব্যাংকিং অ্যাপ বা ই-ওয়ালেট ব্যবহার করেননি। আজীবন চেকের মাধ্যমেই ব্যাংকিং লেনদেন করেছেন। এমনকি তাঁর হিসাব থেকে টাকা স্থানান্তরের বিষয়ে মোবাইল ফোনে কোনো এসএমএস বা বার্তাও পাননি বলে জানান তিনি। যদিও পরবর্তীতে দেখা যায় তিনি সামসং এনড্রয়েড ফোন ব্যবহার করেছেন। 

এ ঘটনায় ড. দিলীপ কুমার সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এবং কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।