প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬ ১৪:০৪ (শুক্রবার)

সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল’ কলেজ) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, কারা কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, ভোর ৪টার দিকে দুষ্কৃতিকারীরা গানপাওডার দিয়ে ৪টি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। এখানে প্রায় ৪০টির মতো বাস ছিলো।

তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে একটি চক্র এই কাজ করছে। তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। গণ মানুষের কাছে বিতাড়িত হয়ে এখন দেশে অপতৎপরতা চালাচ্ছে। এদের রুখতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে এবং জনগণও তাদের প্রতিহত করবে।