প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬ ১৮:৪৫ (শুক্রবার)
তরুণদের ভালো মানুষ হওয়ার আহ্বান জানালেন আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বাস ও কলকারখানায় অগ্নিসংযোগ এবং নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেছেন, প্রত্যেকের মতপ্রকাশের অধিকার রয়েছে। তবে প্রতিহিংসা ও বিশৃঙ্খলা কোনোভাবেই দেশের জন্য কল্যাণকর নয়। দল-মত নির্বিশেষে সবার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই গণতন্ত্রের মূল চেতনা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসন ও নির্যাতনের কারণে দেশের মানুষ কথা বলার অধিকার হারিয়েছিল। গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও একটি মহল বাসে আগুন দেওয়া, কলকারখানায় অগ্নিসংযোগসহ বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। কারণ, দেশ ও সমাজ সবার।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে। তাই শুধু ভালো ফলাফল কিংবা উচ্চশিক্ষিত হলেই চলবে না, প্রত্যেককে ভালো মানুষ হতে হবে। একজন মানুষ নিজে ভালো থাকার পাশাপাশি আশপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে সরকারি কিংবা বেসরকারি চাকরির পেছনে ছুটতে হবে, এমন নয়। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করেও ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। এ প্রশিক্ষণ নিয়ে কেউ কেউ মাসে ৫০০ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত আয় করছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিরপুর গার্লস আইডিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি মো. হাফিজুর রহমান সরকার, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যুৎসাহী সদস্য মোকছেদুর রহমান আবির, মোহাম্মদ ইছাহাক শিপন এবং কলেজের অভিভাবক প্রতিনিধি মো. জিয়াউল হক। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তারী আহমেদ।