ছবি: সংগৃহীত
ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক দুর্বৃত্তদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দাবি, গত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে তাদের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রলবোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি শাখা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।
চিঠিতে বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় মোট ৭২টি শাখা ও কার্যালয়ে এসব হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি শাখা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের একটি প্রতিবেদনে হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, কোনো কোনো শাখায় আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র, আদায় শিট, সাইনবোর্ড, চেয়ার-টেবিল ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। কয়েকটি কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি মালামাল লুটপাটও করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, হামলার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষের দাবি, এসব ঘটনায় অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, সদস্যসেবা ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।