ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে গত ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে। এতে গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সংঘটিত নাশকতার চিত্র তুলে ধরা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। দুটি পুলিশ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি একটি গাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সব মিলিয়ে ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় দায়ের করা ৩৮টি মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে মোট কতটি মামলা হয়েছে, সে বিষয়ে পৃথক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর।
ধারাবাহিক এসব নাশকতার ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর মতো কার্যক্রম চালু রয়েছে।
তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।