প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ ১২:৫৯ (শনিবার)
‘তাঁর কি যে গুণ, তিনিই আগুন সূর্যের সমকক্ষ’—সিলেটে সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণবার্ষিকী পালিত

আজ দুপুর থেকেই আকাশ হতে ঝরে যাচ্ছিল ঝিরিঝিরি বৃষ্টি। এক-একটা তারিখের এক-এক রকম গল্প। তেমনই একটি গল্প জমা হয়েছিল ২০০৭ সালের ১৯ নভেম্বর—যেদিন হারিয়ে গিয়েছিলেন চিরঞ্জীব সঞ্জীব, নাকি নিজে জিতে হারিয়ে দিয়েছিলেন আমাদের! অনেকেই যাঁকে ডাকেন ‘চিরঞ্জীব সঞ্জীব’, ‘স্বপ্নবাজদের সঞ্জীব দা’, ডাকনাম কাজল, কিংবা শুধুই ‘হৃদয়পুরের সঞ্জীব’।

আজ তাঁর ১৯তম প্রয়াণদিনেও আকাশে ছিল ঝিরিঝিরি বৃষ্টি। সেই বৃষ্টিস্নাত আবহে হৃদয়পুরের সঞ্জীবকে স্মরণ করতে একদল স্বপ্নবাজ আয়োজন করেছিল বিশেষ স্মরণসভার। হিমেল হাওয়ার পরশে স্নিগ্ধ পরিবেশে সিলেটের ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণে সঞ্জীব স্মরণ মঞ্চে দরাজ কণ্ঠে আবৃত্তিশিল্পী দেবাশীষ তালুকদার শুভ্র বলে ওঠেন, ‘আজ একজন স্বপ্নভূক কিংবদন্তীর গল্প বলবো। নষ্ট শহরে বুক চেতিয়ে প্রেম ও দ্রোহের গান গেয়ে যাওয়া এক গান মাস্তানের গল্প বলবো। যে মাস্তান স্বপ্ন দেখতেন দিনবদলের। যে মাস্তান বলতেন মানুষের কল্যাণের কথা, গাইতেন মানুষের জন্য, লিখতেন মানুষের মুক্তির জন্য। দেহতত্ত্ব থেকে রাজনীতি, সর্বক্ষেত্রেই ছিল যাঁর অবাধ বিচরণ।’


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেটের ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণে বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি, অসামান্য গীতিকার, সুরকার ও মুক্তপ্রাণের মানুষ সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ স্মরণানুষ্ঠানে এভাবেই তাঁর জীবন, সৃষ্টি ও দর্শন তুলে ধরা হয়। এরপর দলগত কণ্ঠে গাওয়া হয় সঞ্জীব চৌধুরীর গান ‘তোমার ভাঁজ খোল আনন্দ দেখাও করি প্রেমের তরজমা গানে’।

‘তাঁর কি যে গুণ, তিনিই আগুন সূর্যের সমকক্ষ’ শিরোনামে সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয়পুর’-এর আয়োজনে অনুষ্ঠানস্থল যেন রূপ নেয় সঞ্জীবপ্রেমীদের মিলনমেলায়।

অনুষ্ঠানে একে একে পরিবেশিত হয় সঞ্জীব চৌধুরীর গাওয়া কালজয়ী সব গান। এর মধ্যে ছিল—
‘আজও ডানা ভাঙা একটি শালিক হৃদয়ের দাবী রাখো’
‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়স্কোপ’
‘হাতের উপর হাতের পরশ রবে না’
‘চেয়ারম্যান সাবে বগল বাজায়, আমি তোমাকে বলে দেবো’
‘দোল ভাটিয়ালি এ নদী রূপালি ঢেউ এর তালে নৌকা বাজাও’
‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’
‘রিক্সা কেন আস্তে চলে না’
‘আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর’
‘হাতছানি দেয় বাংলাদেশ’

মুগ্ধ হয়ে এসব গান উপভোগ করেন উপস্থিত দর্শকবৃন্দ। সবশেষে ‘আমার স্বপ্নেরই কথা বলতে চাই’ গানটির মধ্য দিয়ে শেষ হয় সঞ্জীব স্মরণ অনুষ্ঠান।

গানের ফাঁকে ফাঁকে সঞ্জীব চৌধুরীকে নিয়ে দর্শকদের সামনে নানা কথা তুলে ধরেন আবৃত্তিশিল্পী দেবপ্রিয়া পাল পর্ণা ও দেবাশীষ তালুকদার শুভ্র। গানের পাশাপাশি আবৃত্তি করা হয় কবি পূর্ণেন্দু পত্রী, কবি রণজিৎ দাশ ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা।
দেবজ্যোতি দেবুর পাণ্ডুলিপিতে গান, আবৃত্তি ও বাদ্যযন্ত্র পরিবেশনায় অংশ নেন অরূপ বাউল, শ্রাবণী সূত্রধর পূজা, বিশাল চক্রবর্তী, দেবজ্যোতি দেবু, বর্ষণ চক্রবর্তী, সোনিয়া তালুকদার, দেবাশীষ তালুকদার শুভ্র, দেবপ্রিয়া পাল পর্ণা ও আলী আকবর।
স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট নগরীর সংস্কৃতিমনা মানুষ, তরুণ প্রজন্ম, সঞ্জীব চৌধুরীর সৃষ্টিকর্মের অনুসারী ও সাধারণ দর্শক। আয়োজনজুড়ে অনেকেই স্মরণ করেন সঞ্জীব দার সঙ্গে কাটানো স্মৃতিময় সন্ধ্যাগুলোর কথা।