প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ ১৩:৪৩ (রবিবার)
অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারলো আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনার শুরুটা হয়েছে হতাশার মধ্য দিয়ে। নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্টের পরবর্তী পর্বে ওঠার লড়াইয়ে চাপে পড়েছে দলটি। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে জয় তুলে নেওয়াই এখন ডিয়েগো প্লাসেন্তের শিষ্যদের প্রধান লক্ষ্য। তবে শুধু নিজেদের জয়ই যথেষ্ট নাও হতে পারে, শেষ ষোলো তথা রাউন্ড অব ৩২ নিশ্চিত করতে নির্ভর করতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপরও। খবর টিওয়াইসি স্পোর্টসের।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে বল দখল ও আক্রমণে ভালো অবস্থানে থাকলেও পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেনি আলবিসেলেস্তেরা। বিপরীতে রক্ষণ সামলে পরিকল্পিত পাল্টা আক্রমণে প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করে অস্ট্রেলিয়া।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় অস্ট্রেলিয়া। আকোল আকনের নেওয়া শট আর্জেন্টাইন ডিফেন্ডার আলভারো গুইচের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। ফলে আত্মঘাতী গোলের হতাশায় পড়ে আর্জেন্টিনা। পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার চেষ্টা করলেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় তারা।

এরপর আকোল আকন নিজের দ্বিতীয় গোলটি করে অস্ট্রেলিয়ার জয় অনেকটাই নিশ্চিত করেন। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামা আর্জেন্টাইন ফুটবলার বেনহামিন ভায়েহো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। একজন কম নিয়ে খেলার কারণে ম্যাচে ফেরার সম্ভাবনাও আরও কঠিন হয়ে পড়ে দলটির। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

এই হারের ফলে গ্রুপ 'সি'তে পরবর্তী পর্বে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেছে আর্জেন্টিনার। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ মোজাম্বিক ও ডেনমার্ক। শেষ ষোলোতে জায়গা করে নিতে হলে এই দুই ম্যাচে ভালো ফল করার বিকল্প নেই প্লাসেন্তের দলের সামনে।

আর্জেন্টিনার সামনে সবচেয়ে ভালো সমীকরণ হলো বাকি দুই ম্যাচেই জয় তুলে নেওয়া। তাতে মোট ৬ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা জোরালো হবে। তবে গ্রুপের অন্য দলগুলোর পয়েন্ট ও গোল ব্যবধানের হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এমনকি অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও আর্জেন্টিনার পয়েন্ট সমান ছয় হওয়ার সম্ভাবনাও রয়েছে। সে ক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফল এবং গোল ব্যবধানের হিসাব বড় ভূমিকা রাখবে। বিশেষ করে মোজাম্বিকের বিপক্ষে অস্ট্রেলিয়া ও ডেনমার্কের ফলাফল এবং অস্ট্রেলিয়া-ডেনমার্ক ম্যাচের ফলের ওপর নির্ভর করতে পারে গ্রুপের চূড়ান্ত অবস্থান।

অন্যদিকে বাকি দুই ম্যাচের একটিতে জয় ও অন্যটিতে ড্র করতে পারলে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়াবে চার। এতেও পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ থাকবে দলটির। গ্রুপের শীর্ষ দুই দলের একটি হিসেবে অথবা সেরা তৃতীয় দলগুলোর মধ্যে জায়গা করে নিয়ে রাউন্ড অব ৩২-এ উঠতে পারে তারা। তবে চার পয়েন্ট পেলেই যে পরের পর্ব নিশ্চিত হবে, এমন কোনো নিশ্চয়তা নেই।

প্রথম ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা খুব দ্রুতই। আগামী রোববার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিকের মুখোমুখি হবে দলটি। এরপর আগামী বুধবার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক।

ফলে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এখন প্রতিটি ম্যাচই আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর পরবর্তী দুই ম্যাচে জয় তুলে নিতে না পারলে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন শুরুতেই বড় ধাক্কা খেতে পারে প্লাসেন্তের দলের।