প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ ১৩:৫২ (শনিবার)
হুথি হামলার শঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ বার সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সৌদি আরব। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বিবেচনায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় মাত্র দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি করেছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এর মধ্যে বৃহস্পতিবার এক দিনেই ১২টি সতর্কবার্তা দেওয়া হয়। শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত আরও তিন দফা সতর্কতা জারি করা হয়। এদিকে হুথিদের হামলায় রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ ভবন পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা, জিজান ও খামিস মুশাইত এলাকায় এসব সতর্কতা জারি করা হয়। এর মধ্যে খামিস মুশাইতে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়।

আল-জাজিরার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টা ৪৯ মিনিট থেকে বিকেল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১২টি জরুরি সতর্কবার্তা জারি করে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে আবহা শহর ও খামিস মুশাইত এলাকায় তিনবার করে সতর্কতা দেওয়া হয়। এছাড়া রাজধানী রিয়াদে দুইবার এবং ওয়াদি আল-দাওয়াসির, আল-সুলাইয়িল, নাজরান ও আল-খারজ এলাকায় একবার করে সতর্কবার্তা জারি করা হয়।

তবে এসব সতর্কতার বেশিরভাগই কয়েক মিনিটের মধ্যে প্রত্যাহার করা হয়। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করে তাৎক্ষণিক হুমকি কেটে গেছে বলে নিশ্চিত হওয়ার পর সতর্কতা তুলে নেয়।

এদিকে বৃহস্পতিবার হুথিদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনা পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির সাত ও আটতলার জানালাগুলো ভেঙে গেছে। পাশাপাশি বাইরের ধাতব আবরণের কিছু অংশ বেঁকে যায়। আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কেউ হতাহত হননি। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত ছবিতেও ক্ষতিগ্রস্ত ভবনটিকে পিআইএফ টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, পিআইএফ টাওয়ার সৌদি আরবের রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর। দেশটির অর্থনৈতিক ও আর্থিক কার্যক্রমের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যুক্ত এই ভবনে হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, রিয়াদের আর্থিক এলাকায় দুই দফা হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা। শুধু রিয়াদ নয়, সৌদি আরবের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

হুথিদের দাবি অনুযায়ী, তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ জুবাইলে অবস্থিত সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানি।

তবে হুথিদের দাবির সবগুলো বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষের ধারাবাহিক সতর্কতা জারির ঘটনা দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির বিষয়টি সামনে এনেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য হামলা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।