প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ ১৮:২০ (শনিবার)
‘জয় বাংলা’ বলেই দৌড় দেয়, কটাক্ষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ছবি: ইমজা নিউজ

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন হয় না। প্রত্যর্পণ চুক্তির আওতায় হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে তাদের ফিরিয়ে আনা হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়ায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তাঁর জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। দেশের আইনের শাসনব্যবস্থাও তা স্পষ্ট করেছে।

তিনি বলেন, আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দীর্ঘ হাত থেকে কেউ রেহাই পাবে না। যারা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদেরও আইনের মুখোমুখি করা হবে।

আওয়ামী লীগকে আক্রমণ করে হুমায়ুন কবির বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার ধ্বংস করেছেন। এখানে যারা আছেন, তাঁদেরও ধ্বংস করা শুরু করেছেন।’

নিজের বাসার ফটকে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, তাঁর বাসার ফটকে আগুন দিয়ে হামলাকারীরা পালিয়ে গেছে। এ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, একটি বিড়ালও কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। তাদের অবস্থা এমন হয়েছে- ‘জয় বাংলা’ বলেই দৌড় দেয়, পরে আর খুঁজে পাওয়া যায় না। তাঁর ভাষায়, ‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা এ দেশের মানুষ ও সরকার জানে। সরকার সহনশীলতার চর্চা করে। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসী কিংবা আওয়ামী সন্ত্রাসীর স্থান হবে না।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব উজ্জ্বল। দেশে বৈদেশিক বিনিয়োগ আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এসব অগ্রগতি দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী নানা কর্মকাণ্ডে জড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট। পালিয়ে থাকা কোনো সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না।

এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?’ তাঁর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই আতঙ্কিত। তাঁরা হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেপ্তার হবেন।