প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ ১৯:১০ (রবিবার)
কক্সবাজারে পর্দা উঠল জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের

ছবি: ইমজা নিউজ

কক্সবাজারের ডলফিন বিচে শুরু হয়েছে জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ডিভাইন ইকো রিসোর্টের সামনে আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে উন্মুক্ত অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি নাছিমা চৌধুরী শিরিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিচ ভলিবল উপকমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম মুকুল, উপকমিটির সম্পাদক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. ইমরান হায়দার কাঞ্চনসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে ১৯ নভেম্বর। আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। এবারের আসরে ১৭টি সংস্থা, বাহিনী, ক্লাব, জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে পুরুষ বিভাগে ২৪টি এবং মহিলা বিভাগে ১২টি দল রয়েছে।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতে এমন আয়োজন নিয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস মোমিন সাদ্দাম। তিনি চান বিচ ভলিবল দেশের ক্রীড়াঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করুক। পাশাপাশি ক্রীড়া পর্যটনের বিকাশেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখুক।

ইমজা নিউজকে তিনি বলেন, ‘বাংলাদেশে বিচ ভলিবলের অপার সম্ভাবনা রয়েছে। আমাদের রয়েছে দীর্ঘ সমুদ্রসৈকত, প্রাকৃতিক সৌন্দর্য ও তরুণ খেলোয়াড়দের বিশাল সম্ভাবনাময় একটি প্রজন্ম। যথাযথ পৃষ্ঠপোষকতা, নিয়মিত প্রতিযোগিতা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা গেলে বিচ ভলিবল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। জাতীয় পর্যায়ে এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য শুধু প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রতিভা খুঁজে বের করা, খেলাটির জনপ্রিয়তা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা।’

তিনি জানান, এবারের প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নীলসাগর গ্রুপ। হসপিটালিটি পার্টনার ডিভাইন ইকো রিসোর্ট ও হোটেল সিলভার বে।

এছাড়া পার্টনার হিসেবে রয়েছে অ্যাকশনএইড এবং মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন।