ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের সভায় দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা সেই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওমর ফারুক নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের নিজ গ্রাম লম্বাবাঁক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা করার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
গত ৮ নভেম্বর রাতে ওই রিসোর্টে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রনজিত চন্দ্র সরকার। সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, রনজিত চন্দ্র সরকার বক্তব্য দেওয়ার সময় তাঁর পেছনে ডান পাশে দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে রয়েছেন ওমর ফারুক। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিচয় নিয়েও আলোচনা হয়।
এদিকে, রিসোর্টে ওই সভা আয়োজনের ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানা পুলিশ বাদী হয়ে রনজিত চন্দ্র সরকারসহ ১৯৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।
এ ছাড়া গত ১৭ নভেম্বর রাতে জামালগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করে। ওই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওমর ফারুক এ মামলারও এজাহারভুক্ত আসামি।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে বৃহস্পতিবার ভোরে জামালগঞ্জের লম্বাবাঁক গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামালগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।