প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ ২০:০৪ (রবিবার)
সিলেটের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই

অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী

সিলেটের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

শুক্রবার বাদ জুমা সিলেট নগরের শাহজালাল উপশহর এ ব্লক জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরের হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামাতা শিল্পী ও চিকিৎসক জহিরুল ইসলাম অচিনপুরী।

এদিকে, অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)।

শুক্রবার এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. রনজিত কুমার দে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তাঁরা বলেন, অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী ছিলেন একজন খ্যাতিমান চিকিৎসক, সজ্জন ও সমাজহিতৈষী ব্যক্তি। নর্থ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন শুভাকাঙ্ক্ষীকে হারিয়েছে।

তাঁরা আরও বলেন, মরহুম সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে চিকিৎসা ও শিক্ষাঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।