প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ ২০:৩৬ (রবিবার)
ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বদলাচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র

ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বর থেকে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ঠিকানায় পরিবর্তন আসছে। বর্তমান প্রতিষ্ঠান ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’-এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা কার্যক্রম পরিচালিত হবে।

শুক্রবার (২০ নভেম্বর) কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় ওই তারিখের পর প্রতিষ্ঠানটির পরিচালিত কেন্দ্রগুলোতে ভিসার আবেদন জমা না দিতে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ জানান, ভিসা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য আগামী সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে নতুন প্রতিষ্ঠান ও আবেদন কেন্দ্রের ঠিকানা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, মিশনের সামনে আবেদনকারীদের অতিরিক্ত ভিড় সামলাতে ২০২১ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ শুরু করে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ও ভারত পরস্পরের নাগরিকদের কাছ থেকে ভিসা ফি না নিলেও আবেদন কেন্দ্রগুলো নির্ধারিত সার্ভিস চার্জ আদায় করে। বর্তমানে কলকাতা মিশনের ক্ষেত্রে শুল্কসহ এ চার্জ ৮২৫ রুপি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ মহামারির আগে কলকাতা মিশন থেকে প্রতি মাসে গড়ে ১৫ হাজার ভিসা ইস্যু করা হতো। দুর্গাপূজার সময় এ সংখ্যা বেড়ে ২২ হাজার পর্যন্ত হতো। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে মাসিক ভিসা ইস্যুর সংখ্যা কয়েকশতে নেমে এসেছে।