ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে পণ্যবাহী ট্রেন থামিয়ে নাইকি ও ক্রোকসের জুতাসহ ২ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য চুরির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক ফেডারেল অভিযোগপত্রে এ তথ্য জানানো হয়।
অভিযোগপত্র অনুযায়ী, সংঘবদ্ধ চক্রটি লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দর হয়ে যুক্তরাষ্ট্রে আসা অন্তত ৩৬টি পণ্যবাহী ট্রেনকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। এসব ট্রেনে নামী ব্র্যান্ডের জুতা, বিদ্যুৎচালিত সরঞ্জামসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য পরিবহন করা হতো।
তদন্তকারীদের দাবি, চক্রটি পূর্বনির্ধারিত স্থানে ট্রেনের ব্রেক বিকল করে সেটিকে থামতে বাধ্য করত। এরপর বগি থেকে মালামাল নামিয়ে ট্রাকে তুলে সরিয়ে নেওয়া হতো। পরে চুরি করা পণ্য একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো, যারা সেগুলো খোলা বাজারে সরবরাহ করত।
অভিযোগে আরও বলা হয়েছে, চুরির ঘটনা ও লুট করা পণ্যের ছবি-ভিডিও চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ব্যক্তিগত গ্রুপে আদান-প্রদান করতেন।
অভিযুক্তদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ এবং আন্তরাজ্য রেলপথে পণ্য চুরির অভিযোগ আনা হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হলে তাঁদের প্রত্যেকের পাঁচ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।