ছবি: জেলা প্রশাসন, সিলেট।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২টি লিস্টার মেশিন ও দুটি ট্রাক বিকল করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জামও ধ্বংস করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় ও জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন অকেজো করে ধ্বংস করা হয়। পাশাপাশি দুটি ট্রাক বিকল এবং বালু উত্তোলনের পাইপ ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়।
এ সময় স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।