ছবি: ইমজা নিউজ
সিলেট জেলা স্টেডিয়ামে ফুটবল নিয়ে জমল অন্যরকম এক প্রীতি-লড়াই। মাঠে ছিল লাল আর সবুজের বিভাজন, কিন্তু গ্যালারির বাইরে ছিল সৌহার্দ্যের এক রঙিন গল্প। রাজনীতির মঞ্চে যাঁদের অবস্থান, বক্তব্য আর ব্যস্ততা নিয়ে প্রতিদিন নানা আলোচনা, তাঁদেরই দেখা গেল ফুটবল নিয়ে ছেলেমানুষি উচ্ছ্বাসে মেতে উঠতে।
সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় লাল দল ও সবুজ দল। খেলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন লাল দল ৫-২ গোলে পরাজিত করে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর সবুজ দলকে।

ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তগুলোর একটি ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজের গোল। কূটনীতির টেবিলে যেমন দর-কষাকষি, তেমনি মাঠেও যে গোলের হিসাব মেলাতে জানেন, গোল করে তারই প্রমাণ দিলেন হুমায়ুন কবির। তাঁর গোলের পর লাল দলের উচ্ছ্বাস নিশ্চয়ই আরও বেড়েছিল। তবে সবুজ দলের জন্য সেদিনের বিকেলটা একটু বেশিই সবুজ হয়ে থাকল কি না, সে প্রশ্ন থেকেই যায়!
লাল দলের হয়ে খেলেছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন। অন্যদিকে সবুজ দলের জার্সি গায়ে মাঠে নামেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও ওয়াসা সিলেটের চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু।
মাঠে আরও ছিলেন জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাংবাদিক মঈন উদ্দিন মনজু, এইচ আর আরিফ, সাবেক ফুটবলার, ক্রীড়া কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
মাঠে কেউ মন্ত্রী, কেউ সংসদ সদস্য, কেউ রাজনৈতিক নেতা, কেউবা ক্রীড়া সংগঠক কিংবা সাংবাদিক। কিন্তু ৬০ মিনিটের জন্য পরিচয়ের ভারটা যেন একটু নামিয়ে রেখে সবাই ফিরে গিয়েছিলেন শৈশবের সেই চেনা মাঠে। সেখানে পদ-পদবি নয়, আসল পরিচয়-কে বলের দখল রাখতে পারেন, কে পাস দিতে পারেন, আর কার শট গিয়ে জালে আশ্রয় নেয়!
শেষ পর্যন্ত গোলের অঙ্কে এগিয়ে থেকে মাঠ ছাড়ে লাল দল। স্কোরবোর্ডে ৫-২ লেখা থাকলেও দিনের আসল জয়টা সম্ভবত ফুটবলেরই। কারণ, রাজনীতির মাঠে মতের অমিল থাকতেই পারে, কিন্তু ফুটবলের মাঠে একই বলের পেছনে ছুটতে পারাটাও যে এক ধরনের সৌন্দর্য।
শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়াম তাই শুধু সাতটি গোল দেখেনি; দেখেছে সৌহার্দ্য, আনন্দ আর খেলাধুলার শক্তিতে এক হয়ে যাওয়ার এক সুন্দর দৃশ্য।