প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬ ০২:২৯ (শনিবার)
ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল

ছবি: ইমজা নিউজ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ১৫ থেকে ২০টি প্লাস্টিকের চেয়ার ও একটি টেবিল পুড়ে গেছে।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশনার অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা।

সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া অভিযোগ করে বলেন, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আত্মগোপনে থেকে বেশ কয়েক দিন ধরে ফেসবুক লাইভে এসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাঁর নির্দেশে আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁরা মনে করছেন। এ ঘটনায় তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।

ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দলটি দেশে-বিদেশে সমালোচিত হচ্ছে। সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশে বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।